হোম খেলাধুলা লজ্জার হারের পর বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

খেলাধূলা ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুই রকম অভিজ্ঞতার সাক্ষী হলো পাকিস্তান।

প্রথম টেস্টের পঞ্চম দিনে আব্দুল্লাহ শফিকের বীরত্বে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল বাবর আজমরা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও সেরা তিনে উঠে আসে পাকিস্তান। দ্বিতীয় টেস্টেই ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হতে হলো বাবরদের। বড় হারের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও দুই ধাপ নিচে নেমে গেছে তারা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) শেষ হওয়া দ্বিতীয় তথা শেষ টেস্টে ২৪৬ রানের বড় হারের সাক্ষী হয় সফরকারীরা। এরই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অবনমন হয়েছে তাদের। তাদের অবস্থান এখন পঞ্চম। জয়-পরাজয়ের হিসেবে তাদের প্রাপ্তি ৫১.৮৫ শতাংশ পয়েন্ট।

অন্যদিকে, দুর্দান্ত এই জয়ে পাকিস্তানকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠেছে শ্রীলঙ্কা। চলতি চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম জয়ে পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। এশিয়ান দলটির ওপরে কেবল দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৭০ শতাংশ)।

এর আগে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা যখন শুরু হয়, তখন পাকিস্তানের দরকার ছিল ৪১৯ রান, আর লঙ্কানদের ৯ উইকেট। এমন অবস্থায় পাকিস্তানের এই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা ছিল না বললেই চলে। কেননা টেস্ট ইতিহাসে রান তাড়ার বিশ্বরেকর্ডটি ৪১৮ রানের। তবে বৃষ্টি কিংবা বাবর আজমের থিতু ব্যাটিংয়েই এই ম্যাচ ড্র করার একমাত্র সম্ভাবনা ছিল। তবে তা হতে দেননি প্রবাথ জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিস। এই দুই স্পিনারের ঘূর্ণিতে পাকিস্তানকে ২৪৬ রানে হারায় শ্রীলঙ্কা।

১ উইকেটে ৮৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। পঞ্চম দিনের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটসম্যানদের চাপে রাখে শ্রীলঙ্কার বোলাররা। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন ইমাম উল হক। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের একটি জুটি গড়েছিলেন বাবর আজম। ৩৭ করা রিজওয়ানকে প্রভাত জয়সুরিয়া বোল্ড করার পর মাত্র ১২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

তারপরও পাকিস্তানের আশা ছিল দলের অধিনায়ক বাবর আজম দলকে টেনে নিয়ে যেতে পারবেন। করতে পারবেন ঐতিহাসিক ড্র। তবে তা হতে দেননি জয়সুরিয়া। তার বলে এলবিডব্লিউ হয়ে ৮১ রান করে সাজঘরে ফেরার পর শ্রীলঙ্কার জন্য টেস্ট জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

শেষ পর্যন্ত ইয়াসির শাহর ২৫ বলে ২৭, হাসান আলির ১০ বলে ১১ এবং নাসিম শাহর ২১ বলে ১৮ রান কেবল হারের ব্যবধানটা কমিয়েছে। লঙ্কানদের হয়ে পাঁচ উইকেট পেয়েছেন প্রভাত জয়সুরিয়া। আর ৪ উইকেট পেয়েছেন রমেশ মেন্ডিস। প্রথম ইনিংসে মেন্ডিস পেয়েছিলেন ৫ উইকেট আর জয়সুরিয়া পেয়েছিলেন ৩ উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন