হোম জাতীয় রেলস্টেশনে তরুণীকে হেনস্তা: অভিযুক্ত ইসমাইল তিন দিনের রিমান্ডে

জাতীয় ডেস্ক :

নরসিংদী রেলস্টেশনে এক তরুণীকে হেনস্তার ঘটনায় আদালতের নির্দেশে মামলার পর ইসমাইল মিয়া (৩৮) নামে এক অভিযুক্তকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ মে) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২১ মে) দিবাগত রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, মামলায় এক নারীসহ দুইজরে নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. ইসমাইল ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার ফয়েজ আহমেদের স্ত্রী শিলা আক্তার।

ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর মামলায় তাদের আসামি করা হয় বলেও জানান তিনি।

নরসিংদী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ মে) ভোর সোয়া পাঁচটার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন ওই তরুণী ও দুই তরুণ। সকাল পৌনে ছয়টা পর্যন্ত স্টেশনটির এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্টেশনে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কী পোশাক পরেছো তুমি’। তরুণী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনার তাতে কী সমস্যা হচ্ছে?’ এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত কয়েকজন যাত্রী।

একপর্যায়ে ওই তরুণী সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন। এ সময় তার পোশাক ধরে টান দেন ওই নারী। কোনো রকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে চলে যান তরুণী। পরে ভুক্তভোগী ওই তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওটিতে দেখা যায়, ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন। বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলছেন।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হেনস্তাকারীদের শাস্তির দাবি জানান অনেকেই। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর গত শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে মো. ইসমাইল নামে এক যুবককে আটক করে পুলিশ। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পরদিন শনিবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠান এবং এ ঘটনায় তদন্ত করে মামলা করার নির্দেশ দেন। পরে ওই রাতেই ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনর্চাজ ইমায়েদুল জাহেদী।

সবশেষ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতেই আসামি ইসমাইলের তিন দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।

ভৈরব রেলওয়ে থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল জানান, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আমি সাত দিনের রিমান্ডের আবেদন করি। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড কার্যক্রম আজ থেকে শুরু হবে। অন্য অভিযুক্তদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন