শিক্ষা ডেস্ক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের সংস্কার কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. আলেক (৩৫)। তিনি নগরীর বেল পুকুর থানাধীন কাপাশিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, অডিটোরিয়ামের ছাদ থেকে বস্তায় করে ময়লা ফেলার সময় অসাবধানতাবশত একজন শ্রমিক নিচে পড়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজটি করছেন হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন।
তিনি বলেন, ‘শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার করছিল তাই পড়েনি।’
সংস্কার কাজের দেখভালের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, আমি আগে থেকে বলে দিয়েছি ওপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। কিন্তু আজ ছুটির দিন থাকা সত্ত্বেও তারা না জানিয়ে কাজ করেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’
