রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বিএনপি মিথ্যাচার নির্ভর দল। নির্বাচন এলেই ষড়যন্ত্র শুরু করে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজপথ নিয়ে বিএনপিকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
মায়া আরও বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করতে হবে।
আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সংবিধানের বাইরে একচুল যাওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিএনপিকে সংলাপের জন্য ডাকেননি। বিএনপি এর অপব্যাখ্যা দিচ্ছে। প্রধানমন্ত্রী তাদের সুশৃঙ্খল আন্দোলন করতে বলেছেন। আন্দোলন করতে করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে প্রয়োজনে চা খাওয়ানো হবে। এটা কোনো সংলাপের ডাক নয়।
তালুকদার সারোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু।
অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রসঙ্গে বক্তারা বলেন, এক এগারোর সময় নেতৃত্ব দিয়েছিলেন সাহারা খাতুন। শেখ হাসিনার মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নেতাকর্মীদের আগলে রাখতেন সাহারা খাতুন। তিনি ছিলেন কর্মীবান্ধব নেতা। এটা নেতাকর্মীদের অনুসরণ করা উচিত। দলের সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন সাহারা খাতুন।
স্মৃতিচারণ করে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী লীগনেতা কামাল চৌধুরী, লিয়াকত আলী, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজি প্রমুখ।
