বাণিজ্য ডেস্ক :
সোশ্যাল মিডিয়া টুইটারে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক মেতেছেন নতুন খেলায়। চালু করেছেন এক ভোটিং পোল, যেখানে জানতে চেয়েছেন: কে বেশি বিশ্বাসযোগ্য–রাজনীতিবিদ নাকি বিলিয়নিয়ার!
বৃহস্পতিবার (২৬ মে) টুইটারে এই ভোটিং পোল চালু করেন ইলন মাস্ক। মাত্র এক ঘণ্টায় সেখানে অংশ নেন প্রায় ১০ লাখ মানুষ। বেশির ভাগই রায় দিয়েছেন বিলিয়নিয়ারদের পক্ষে।
সাধারণ মানুষের ভোট বিশ্লেষণ করে দেখা যায়, প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন মানুষের মধ্যে ৭৭ শতাংশই বিশ্বাস করে রাজনীতিবিদরা বিলিয়নিয়ারদের থেকে কম বিশ্বাসযোগ্য।
টুইটারে ভোটিং পোল চালু করার ক্ষেত্রে মাস্কের জুড়ি নেই। এর আগেও তিনি ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যালেক্সান্দ্রিয়া ওকাসিও কোৎকে নিয়ে ভোটিং পোল তৈরি করে আলোচনায় এসেছিলেন।
একের পর এক কর্মকাণ্ডে শিরোনামের প্রথম পাতায় থাকছেন মাস্ক। একবার শিরোনামে আসেন মহাকাশে গিয়ে, আরেকবার টেসলার শেয়ার দান করা প্রসঙ্গে।
অতি সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন টুইটার কেনা নিয়ে। এরপর মাস্কের বিরুদ্ধে টুইটার আনে তথ্য ফাঁসের অভিযোগ। সেই প্রভাব কাটতে না কাটতে ডেমোক্র্যাট নিয়ে প্রশ্ন তুলে আবারও আলোচনায় আসেন তিনি। শেষবার বিমানবালাকে যৌন হয়রানি ও এর বিপক্ষে মাস্কের মন্তব্য নিয়েও কম আলোচনা হয়নি।
সূত্র: আরটি
