জাতীয় ডেস্ক :
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
রোববার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় জুবায়ের নামে কমার্স কলেজের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী বলে তারা জানতে পেরেছেন। লেগুনাটি দিয়াবাড়ি থেকে মিরপুরের দিকে আসছিল। আর বাসটি মিরপুর থেকে উত্তরার দিকে যাচ্ছিল।
শাহ আলী থানা-পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
