আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। টানা বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানও। দেশটির বেলুচিস্তান প্রদেশে টানা বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ১৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় বিপর্যস্ত মিয়ানমারের কয়েকটি অঞ্চলও।
মিয়ানমারের বিশাল পাহাড়ি ঝরনা পানির সঙ্গে বেয়ে নামছে কাদামাটি। ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় ঘটেছে ভূমিধসের ঘটনাও। স্থানীয়রা বলছেন, এমন ভয়াবহ বন্যা এর আগে দেখেননি তারা। বন্যা কবলিত এলাকায় কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সংবাদমাধ্যম বিবিসি বলছে, এক সপ্তাহ পার হলেও যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। টানা বৃষ্টির কারণে কমছে না পানি। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘পূর্ব কেন্টাকিতে আমরা ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছি। আমাদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু আমরা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে যাচ্ছি। আমরা বন্যা কবলিতদের পাশে আছি। আগামী কয়েকদিন কঠিন হতে যাচ্ছে। কারণ আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।’
পাকিস্তানের অনেক অঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ভয়াবহ বন্যায় দেশটির বেলুচিস্তানে এ পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সাংবাদমাধ্যম ডন। এছাড়া অঞ্চলটির মোট ২৯টি জেলার প্রায় ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তানের রাজধানী কোয়েটার আশপাশের এলাকাগুলো।
এদিকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বন্যায় বিপর্যস্ত ইরান। এতে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি হয়েছে।
