হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নারীদের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের গর্ভপাত অধিকার আইন বাতিল করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) প্রায় পাঁচ দশকের পুরোনো গর্ভপাত সংক্রান্ত আইন বাতিলে ঐতিহাসিক এক রায় দেন মার্কিন সুপ্রিম কোর্ট। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ব্লুমবার্গ।

শুক্রবার (২৪ জুন) তিনি বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তি নারীদের রয়েছে। রো আইন চলে গেছে, এটি অত্যন্ত পরিষ্কার। এ দেশের নারীদের স্বাস্থ্য ও জীবন এখন হুমকির মুখে।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে ১৫০ বছর পিছিয়ে নিয়ে গেছে। এটি আমাদের দেশের জন্য দুঃখজনক দিন। কিন্তু এর অর্থ এই নয় যে, লড়াই শেষ হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।

ইতোমধ্যে সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বেসরকারি সংস্থা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন বহু মানুষ।

এক টুইটবার্তায় ওবামা বলেছেন, আজ সুপ্রিম কোর্ট শুধু ৫০ বছরের পুরোনো নজিরই উল্টে দেয়নি, সবচেয়ে ব্যক্তিগত এক সিদ্ধান্ত তারা রাজনীতিকদের হাতে তুলে দিয়েছেন।

এদিকে এ বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয় সে অনুরোধ জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। হুমকি এবং ভয় দেখানো কখনো ভাষা হতে পারে না। আমাদের যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

এ সময় বাইডেন ফেডারেল আইন হিসেবে নারীদের গর্ভপাতের অধিকার ফেরাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার থাকবে কি থাকবে না–এ নিয়ে প্রায় ৫০ বছর ধরে তিক্তবিতর্ক চলছিল। ক্ষমতাসীন ডেমোক্রেটিক নেতারা গর্ভপাত অধিকার আইনের পক্ষে। আর রিপাবলিকানরা বিপক্ষে। রায়ের ফলে রিপাবলিকানদেরই জয় হলো। অন্যদিকে ডেমোক্র্যাট রাজনীতিকরা এ রায়ের সমালোচনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন