হোম খেলাধুলা মেসি ছাড়া কেউই আর্জেন্টিনা দলে নিশ্চিত নন: মারিয়া

খেলাধূলা ডেস্ক :

দুই বছরে দুটি ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। লম্বা সময়ের শিরোপা খরা কেটেছে আর্জেন্টাইনদের। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালের ফাইনালিসিমা, দুই ফাইনালেই গোল করে বড় ভূমিকা রেখেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে কাতার বিশ্বকাপের দলে জায়গা পাবেন কি না সেটা নিয়ে ডি মারিয়া নিজেই সংশয়ে।

টানা দুই শিরোপা জেতার আগে টানা তিন ফাইনাল হেরেছে আর্জেন্টিনা। হারা ফাইনালের কোনোটাতেই খেলতে পারেননি ডি মারিয়া। যে দুটোতে খেলেছেন তার সৌজন্যেই জয়ের মুখ দেখেছে লিওনেল স্কলানির দল। এতে আর্জেন্টাইন সমর্থকদের আফসোস আরও বেড়ে গেছে, যদি ওই ফাইনালগুলোতে মারিয়াকে পাওয়া যেত তাহলে হয়তো শিরোপার দেখা আরও আগেই পেয়ে যেতে পারত।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়াকে না পাওয়া নিয়ে আক্ষেপ করেছেন একাধিকবার। সেই মারিয়ার গোলেই ব্রাজিলকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জিতেছেন মেসি। ২০২১-২২ মৌসুমে মেসির সঙ্গে ফরাসি ক্লাব পিএসজিতে খেলেছেন মারিয়া। তবে জুনের প্রথমেই বিদায় বলে দিয়েছেন পিএসজিকে।

বিশ্বকাপের বাকি পাঁচ মাসেরও কম সময়। এখনো নতুন কোনো ক্লাবে যোগ দেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এদিকে আর্জেন্টিনা দলে এখন প্রতিভাবান তরুণদের ছড়াছড়ি। মারিয়ার পজিশনে খেলার মতো তরুণ খেলোয়াড় আছে অনেকজন। তাই বিশ্বকাপে জায়গা পাওয়া কিছুটা সংশয় তৈরি হয়েছে ডি মারিয়ার মনে। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার বলেন, ‘আমাকে নতুন ক্লাবে যেতে হবে, নতুন করে খাপ খাওয়াতে হবে। ভালো খেলতে হবে, খেলাটা উপভোগ করতে হবে। বিশ্বকাপের চার মাস আগে এগুলো ঠিকঠাক করতে পারব কি না, এখনো জানি না।’

২০২১ কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার একাদশের নিয়মিত মুখ মারিয়া। তবে তার মতে একমাত্র লিওনেল মেসি ছাড়া আর কেউই আর্জেন্টিনা দলে নিশ্চিত নন। টিনঅ্যান্ডটি স্পোর্তসকে দেওয়া সাক্ষাৎকারে মারিয়া বলেন, ‘ও-ই (মেসি) একমাত্র খেলোয়াড়, যার বিশ্বকাপ দলে জায়গা পাকা।’

এদিকে ডি মারিয়াকে দলে ভেড়াতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাস আগ্রহ দেখিয়েছে। তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। গ্রুপ ‘সি’ তে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর। গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন