কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে বন্যার কারণে গোয়াল ঘরে আশ্রয় নেয়া মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, একটি ভয়ঙ্কর প্রাণি গ্রামের মাস্টার বাড়ির গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিল। তা দেখে বাড়ির সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণিটি বাড়ির হাঁস, মুরগি, ছাগল বা মানুষের ক্ষতি করতে পারে এমন ভয়ে দুপুরে এলাকার সবাই মিলে গোয়াল ঘর ঘেরাও করে মেছোবাঘটিকে পিটিয়ে হত্যা করে।
নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান জানান, বন্যার কারণে হয়তো প্রাণিটি মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে। প্রাণিটিকে এভাবে হত্যা করা ঠিক হয়নি।
