হোম জাতীয় মেঘনা থেকে বালু তুলতে পারবেন না সেলিম খান: আপিল বিভাগ

জাতীয় ডেস্ক :

মেঘনার ডুবোচর থেকে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খানকে বালু উত্তোলনের হাইকোর্টের দেয়া অনুমতি বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার (২৯ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বালু উত্তোলনে যেসব নিয়ম মানতে হয়, এখানে তার কোনো কিছুই অনুসরণ করা হয়নি। বালুমহাল ঘোষণা, বালু উত্তোলনে দরপত্র আহ্বানসহ এর কোনো কিছুই করা হয়নি। তাই হাইকোর্টের রায়টি আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন। ফলে সেখান থেকে আর বালু উত্তোলন করা যাবে না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। আজ রায়টি আপিল বিভাগ বাতিল করলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর সেলিম খানের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, হাইকোর্টের রায় বাতিল করার ফলে মেঘনা নদী থেকে সেলিম খানের বালু তোলার আর কোনো সুযোগ নেই।

চাঁদপুরে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করে গত ৪ এপ্রিল আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট। চেম্বার কোর্ট বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন