হোম খেলাধুলা মুমিনুলকে নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি!

খেলাধূলা ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ মে) দ্বিতীয় টেস্টে টিম টাইগার্সের হার ১০ উইকেটের ব্যবধানে। এদিকে, দলের মতো ব্যক্তিগত পারফরম্যান্সেও অনুজ্জ্বল মুমিনুল। এদিকে, টাইগার দলপতিকে নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন বাংলাদেশ দলপতি। আগের ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৯ রান। আর সবশেষ ১০ ইনিংসে তার সংগ্রহ মোটে ৭৪, যার গড় ৮.২।

নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল। এরপরই বাংলাদেশ ক্যাপ্টেনের বাজে ফর্মের শুরু। বাকি ৯ ইনিংসের মধ্যে তিনবারই শূন্য রানে আউট হন তিনি। অন্য ৬ ইনিংসে ৩৭, ২, ৬, ৫, ২ ও ৯ রান করেন মুমিনুল।

এদিকে, বাজে ফর্মে থাকলেও তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক। এ সম্পর্কে প্রথম টেস্ট শেষেই মুমিনুল বলেছিলেন, ‘নিজের ফর্ম নিয়ে আমি উদ্বিগ্ন নই। কোনোভাবেই আমার মনে হচ্ছে না, আমি খারাপ অবস্থায় আছি। কোনোভাবেই আমি উদ্বিগ্ন নই। একটা ভালো ইনিংস খেললে আমার মনে হয়, আমি আবার আগের পর্যায়ে চলে আসব।’

অন্যদিকে, সিরিজ নির্ধারণী ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি। সেখানে মুমিনুলের অফফর্ম ও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে সমস্যা নেই। তবে, তার ব্যাটিং ফর্মটা চিন্তার বিষয়। অধিনায়ক হয়ে ও সামনে থেকে পারফর্ম করতে পারছে না। তার মনের অবস্থাটা একবার ভেবে দেখেন। তার সঙ্গে আজও কথা হয়েছে। কয়েক দিন পর আবারও বসব। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

এ ছাড়া ম্যাচ হারা নিয়ে পাপন বলেন, ‘আমাদের বোলিং ডিপার্টমেন্ট লঙ্কানদের চেয়ে দুর্বল ছিল, তাই দুই টেস্টেই আমরা ভুগেছি। কিন্তু ঢাকায় টপঅর্ডার যেভাবে ভেঙে পড়ল, এরপর ম্যাচের ফল পক্ষে আসা সম্ভব নয়। তবে সিরিজ হারলেও এই টেস্ট সিরিজে অনেক ইতিবাচক দিক আছে। লিটন-মুশফিকের ব্যাটিং যার অন্যতম, বলেন বিসিবি সভাপতি।

সাকিব প্রসঙ্গে পাপন বলেন, ‘সাকিবের কোনো বিকল্প নেই। অদূর ভবিষ্যতেও তার মানের অলরাউন্ডার পাওয়ার সুযোগ দেখছি না। অনুশীলন ছাড়া সে যে বোলিং করেছে, এতদিন অনুশীলনের পরও অন্যরা সেই লেভেল ম্যাচ করতে পারেনি।’

এদিকে, কোচিং স্টাফের সদস্যদের আলাদা আলাদা কাজ দেয়া হয়েছে বলেও জানান পাপন। বলেন, উইন্ডিজে যাওয়ার আগেই জেমি ব্যাটারদের নিয়ে শুরু করবেন, কার কোথায় সমস্যা দেখবেন। ডোনাল্ড সব পেসারের পরিকল্পনা সাজিয়ে দেবেন। যাতে সে না থাকলেও লোকাল কোচরা দেখভাল করতে পারেন। ডমিঙ্গো সব তত্ত্বাবধান করবেন।’

টেস্ট দলের ব্যাটিং অর্ডার রিসাফল করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে তার আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। এখনই কিছু চূড়ান্ত নয়, বলে পাপন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন