রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যে অপশক্তি বিরোধিতা করেছিল তারাই দেশের উন্নয়নের বিরোধিতা করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে আজ ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলার জন্য কাজ করতে হবে।
শোকাবহ আগস্ট উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে যে দলটি ভূমিকা রেখেছে এবং দীর্ঘ ৭৩ বছর ধরে দেশ মাতৃকার সেবা করছে সেই দল আওয়ামী লীগ।
‘অপরদিকে জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, সেই রাজনৈতিক অপশক্তি সকল ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা আজ গণতন্ত্র হত্যা করতে চায়, দেশের সকল অর্জন থামিয়ে দিতে চায়। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এখন উন্নয়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে,’ যোগ করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার খাদের কিনারে, যে কোনো সময় পতন ঘটতে পারে— গত ১৩ বছর ধরেই এই বক্তব্য দিচ্ছে বিএনপি।
তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা হলে দেখা যাবে জনপ্রিয়তা কার। আসলে বিএনপি হিংসায় মরে যাচ্ছে। রঙিন খোয়াব দেখতে দেখতে বিএনপি এখন নিজেরাই খাদের কিনারায়। তারা খাদে পড়ে যাবে যে কোনো সময়। তারা শুধু আন্দোলনের দিন-তারিখ দিয়ে যাচ্ছে। কিন্তু গত ১৩ বছরে তারা তাদের নেত্রীর (খালেদা জিয়া) মুক্তির দাবিতে একটা মিছিলও করতে পারেনি। বিএনপি আন্দোলনেও, ফেল নির্বাচনেও ফেল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
