হোম ফিচার ‘মির্জা ফখরুল শুধু তারেকের নির্দেশ পালন করেন’

রাজনীতি ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘আপনি বলছেন- ১৯৭১ সালে ইয়াহিয়াও ঘোষণা দিয়েছিলেন ডিসেম্বর মাস পাকিস্তানের, শেষমেশ ডিসেম্বর মাসেই পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। আপনার তো কিছু করার নেই, আপনি কেবল লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশ পালন করছেন। সকালে এক নির্দেশ, বিকেলে আরেক নির্দেশ, সেই নির্দেশে আপনি উল্টাপাল্টা বলছেন।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবেশের এসব কথা বলেন তিনি।

এস এম কামাল বলেন, ২০০৪ সালে তারেক জিয়া হাওয়া ভবনে বসে ৭১ ও ৭৫ এর খুনিদের নিয়ে বৈঠক করে ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছিলেন। সেদিনের বিরোধীদলীয় নেত্রীকে হত্যার উদ্দেশে ১৩টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। হামলায় নারী নেত্রী আইভী রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মী জীবন দিল। এ ঘটনার পর পার্লামেন্টে বিরোধী দলীয় নেত্রী কাউকে কথা বলতে না দিয়ে মাইক বন্ধ করে দিলেন। সেদিন খালেদা জিয়ার উচিত ছিল সহানুভূতি জানানো, কিন্তু জানালেন না। উল্টো স্পিকারের কাছে বললেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগের মধ্যে গ্রেনেড নিয়ে গেছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন