জাতীয় ডেস্ক :
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পূর্বশত্রুতার জেরে মো. শাহিন (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক ও পূর্বশত্রুতার জেরে তারই পরিচিত কাঞ্চন নামে এক যুবক রোববার (১২ জুন) সন্ধ্যায় কমলাপুর আইসিডি গেটে শাহিনের বুকে ছুরিকাঘাত করে।
পরে তার সহকর্মীরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
ওসি জানান, ঘটনার পরে আশপাশের লোকজন ঘাতক কাঞ্চনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। নিহতের ছোট বোন বাদী হয়ে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়।
এদিকে শাহিনের বন্ধু মো. মিঠু জানান, মুগদা সিঙ্গার গলিতে একটি মেসে থাকতেন শাহীন। তার বাড়ি নেত্রকোনা পূর্বধলা উপজেলায়। কমলাপুর স্টেশনে মাস্টাররুলে গেটম্যানের চাকরি করতেন তিনি। আইসিডি গেটে দায়িত্বরত ছিলেন।
আর কমলাপুর স্টেশনে কাঞ্চন পান-বিড়ি বিক্রি করতেন। কয়েক মাস আগে শাহিন কাঞ্চনের স্ত্রী রাশিদাকে ভাগিয়ে বিয়ে করেন। তবে পরবর্তীতে বিচার সালিশের মাধ্যমে ওই স্ত্রীকে ছেড়ে দিলে তিনি কাঞ্চনের কাছে ফিরে যান।
মিঠু জানান আরও জানান, এ ঘটনার জেরে শত্রুতা ছিল তাদের মধ্যে। কাল আইসিডি গেটে শাহীনকে একা পেয়ে ‘মামা তুই আইজ শেষ’ বলেই তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে শাহিনের বুকে ও কপালে আঘাত করেন। আশপাশের লোকজন এটি দেখেই কাঞ্চনকে আটক করে।
শাহিনের বাবা মৃত আব্দুল কাদির। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট। শাহিনে কয়েক বছর আগে বিয়ে করেছিল। স্ত্রীকে তালাক দিয়েছে সে।
