হোম জাতীয় ‘মানবিক কারণে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়া হোক’

জাতীয় ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এদিকে, আবারও মানবিক দিক বিবেচনায় বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী।

আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে তৃতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সরকারি সফরে দুই সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছেন। এ বাস্তবতায় বেগম জিয়ার পরিবারের আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নিল সরকার-এ প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

তিনি বলেন, খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছিলেন। আমরা তা আইনমন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাদের পাঠানো মতামত অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমি হ্যাঁ বা না কিছু বলতে পারব না। এটা প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে।

এরইমধ্যে আইনমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি এও জানান, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বেগম জিয়াকে প্রথমে কারাগারে যেতে হবে, তারপর মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে নতুন করে আবেদন করতে হবে।

তবে, মানবিক বিবেচনায় বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছেন, খালেদা জিয়ার আইনজীবী।

তারা বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি। এই দেশের সাবেক প্রধানমন্ত্রী। একটা বড় দলের চেয়ারপারসন। তাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা শেষে আবারো দেশে ফিরে আসতে দেওয়া উচিত।

তিন দফায় ৬ মাস করে ১৮ মাস সাজা স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। এ ক্ষেত্রে আইনমন্ত্রণালয় বলেছে, স্থায়ীভাবে মুক্তি দেয়ার এখতিয়ার আদালতের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন