মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের চিনাটোলা বাজারে দলীয় কার্যালয় নির্মানের নামে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে মাছ বাজারে প্রায় আড়াই শতক খাস জমি দখল করা হয়। অবশ্য শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের দাবি দলীয় কার্যালয় নির্মানের জন্য নয়, সরকারি পরিত্যক্ত জমি পরিষ্কার করে সেখানে লোকজনের বসার ব্যবস্থা করা হবে।
শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা মাছ বাজারে খাস খতিয়ান ভূক্ত জমিতে ৮ জন শ্রমিক নির্মাণ কাজ করছে। এসময় স্থানীয় কয়েকজন দোকানি জানায়, জায়গাটি ২১১ চিনাটোলা মৌজার ৬৩৭ দাগের ১/১ খতিয়ান ভূক্ত প্রায় আড়াই শতক খাস খতিয়ানের জমি রয়েছে।
অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের আস্থাভাজন হিসেবে পরিচিত বিল্লাল হোসেনের নেতৃত্বে এদিন সকাল থেকে মাছবাজারের মধ্যে সরকারি প্রায় চার শতক জমি দখলের কাজ শুরু হয়। এ সময় কথা হয় কাজে অংশ নেওয়া শ্রমিক মনিরুল ইসলামের সাথে। তিনি জানান, বিল্লাল হোসেনের কথায় তারা কাজে অংশ নিয়েছেন। এসময় সেখানে উপস্থিত বিল্লাল হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের নির্দেশনায় সরকারি এ জমিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় করা হচ্ছে।
উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যানের যোগসাজসে বিল্লাল হোসেন দলীয় কার্যালয় নির্মাণের নামে সরকারি জমি দখল করেন।
মাছবাজারের মধ্যে দলিয় কার্যালয় নির্মানের নামে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরোধীতা করে শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, বর্তমান চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগীতায় সরকারি জমি দখল করা হয়েছে। তবে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে মাছবাজারের মধ্যে সরকারি এ জমিটি পরিত্যক্ত ছিল। তাই জনস্বার্থে শ্রমিক দিয়ে পরিত্যক্ত জমিটি পরিষ্কার করা হয়েছে। তিনি জানান এখানে লোকজনের বসার ব্যবস্থা করা হবে।
তবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানিয়েছেন, এ ধরনের একটি অভিযোগ শোনার পর ইতিমধ্যে ওই জমিতে কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে।
