মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে জাহানারা বেগম(৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটির একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ।
মারা যাওয়া জাহানারা বেগম পৌরশহরের জয়নগর এলাকার মৃত লুৎফর রহমান বিশ্বাসের স্ত্রী। জাহানারার মেয়ে শাহিনা খাতুনসহ স্বজনদের দাবি পরিকল্পিতভাবে অপহরণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, জাহানারা বেগমের দুই ছেলে বিয়ে করে অন্য জায়গায় বসবাস করেন। একমাত্র মেয়েকেও বিয়ে দিয়েছেন। এরপর থেকে তিনি স্বামীর ভিটায় একা বসবাস করতেন। সকাল সাড়ে ছয়টার দিকে জাহানারা বেগমের মরদেহ তার বাবার বাড়ি এলাকা উপজেলার শ্যামকুড় ইউনিয়নের আগরহাটির একটি ধান ক্ষেতে পাওয়া যায়। পরে থানায় জানানো হলে বেলা ১১ টার দিকে সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে সুন্দলপুর বাজারের কয়েকজন ব্যক্তি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেল থেকে জাহানারাকে তারা বাজারে নামতে দেখেন।
জাহানারা বেগমের মা রাশিদা বেগম জানান, মাস দুয়েক আগে জাহানারা তাদের বাড়িতে বেড়াতে এসেছিল।
মণিরামপুর থানার ওসি(তদন্ত) মাহাবুবুর রহমান জানান, জাহানারার শরীরে কোন আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
মণিরামপুর থানার ওসি(সার্বিক) নূর ই আলম সিদ্দিকী জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় মামলা করেননি।
