নিউজ ডেস্ক:
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার কথা বিবেচনায় ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
অ্যাপ, হটলাইন, এসএমএস ও ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে ভোট সংক্রান্ত তথ্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোটের তথ্য জানার পদ্ধতিগুলো হলো—
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ:
স্মার্টফোন ব্যবহারকারীরা Play Store বা App Store থেকে ‘Smart Election Management BD’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর ও কেন্দ্রের ঠিকানা জানা যাবে।
২. হটলাইন ১০৫:
যেকোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের মাধ্যমে তথ্য জানা যাবে। কলের পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সময় এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
৩. এসএমএস সেবা:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> NID Number লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট:
কম্পিউটার বা ল্যাপটপ থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে। এখানে নির্বাচনি এলাকা ও উপজেলা অনুযায়ী কেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।
