খেলাধূলা ডেস্ক :
এশিয়া কাপের মঞ্চে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ভারত। রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই স্টেডিয়ামে দ্বৈরথে নামার আগে বাইশগজের বাইরেও উত্তাপ ছড়াচ্ছে। ভারতের প্রতি আইসিসির স্বজনপ্রীতিমূলক আচরণ নিয়ে মন্তব্য করেছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার মতে, ভারত আইসিসির ‘পছন্দের ছেলে’।
আইসিসির সঙ্গে ভারতের যোগসূত্রতা নিয়ে নানা সময়ে কম সমালোচনা হয়নি। আইসিসি থেকে বাড়তি সুবিধা পায় ভারত, এমন গুঞ্জনও রয়েছে। সবশেষ আইপিএলকে আরও সুবিধা দিতে আন্তর্জাতিক ক্রিকেটকে আড়াই মাসের ছুটিতে পাঠানোর বিষয়টিও কারো অজানা নয়।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু জানি, আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালোবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে।’
নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে পাক ক্রিকেটার বলেন, ভারত ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপক্ষীয় সিরিজ খেলুক না কেন, স্পন্সর পেতে কোনো সমস্যা হয় না। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই তারা ভারতকে কিছু বলতে পারে না।
হাফিজের এই মন্তব্যের পরে অনুষ্ঠানের সঞ্চালক তাকে আবার প্রশ্ন করেন, তিনি কেন ভারতকে ‘পছন্দের ছেলে’ বলছেন খেলার জন্য নাকি টাকার জন্য। হাফিজ হেসে জবাব দেন, টাকার জন্য।
এর আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও মন্তব্য করেছিলেন হাফিজ। হংকংয়ের বিপক্ষে ভারতের জয়ের পর হাফিজ বলেন, ভারত ৪০ রানে জেতার পরও রোহিতের শারীরিক ভাষা দেখে আমি অবাক হয়েছি। ও যখন টস করতে এসেছিল তখনই ওকে দুর্বল লাগছিল। দেখে মনে হচ্ছিল, ও ভয় পেয়েছে। ম্যাচের মধ্যে দারুণ ইনিংস খেলার পরে রোহিতকে যেমন দেখি তার ধারেকাছেও ছিল না সে। আমার মনে হয় অধিনায়কত্ব পাওয়ার পরে রোহিত চাপে রয়েছে। ওকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।
