রাজনীতি ডেস্ক :
বড় মা রওশন এরশাদকে (বিরোধীদলীয় নেতা) শক্ত হাতে জাতীয় পার্টির হাল ধরতে বলেছেন ছোট ছেলে এরিক এরশাদ।
সোমবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ১০০১ নম্বর রুমে বিরোধীদলের নেতা মা রওশন এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
সকাল ১০টার দিকে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ও এরশাদ ট্রাস্টির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান বিরোধীদলের নেতা রওশন এরশাদের (এরিকের বড় মা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এরিক এরশাদ তার বড় মা বেগম রওশন এরশাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং শক্তহাতে দলের হাল ধরতে অনুরোধ জানান।
এ সময় রওশন এরশাদও এরিকের পড়াশোনা, সংগীতচর্চা, স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এরিক এরশাদের বড় ভাই সাদ এরশাদ (এমপি) ও তার স্ত্রী মহিমা।
পারিবারিক আলাপ-আলোচনা শেষে এমপি সাদ এরশাদ ও মহিমা গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যান ছোট ভাই এরিক এরশাদকে।
