জাতীয় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা এবং সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আট যাত্রী।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে এ দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়ায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খায় একটি প্রাইভেট কার। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের আরোহী মো. দুলাল ভূঁইয়া (৫৫) নামে একজন নিহত হন। এ ছাড়া দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০) আহত হন।
নিহত দুলাল জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া কান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে দিগন্ত পরিবহনের লোকাল বাসকে একটি প্রাইভেট কার ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসের সঙ্গে প্রাইভেট কারটির ধাক্কা লেগে হতাহতের এ ঘটনা ঘটে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের কোড্ডা এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ পাঁচজন আহত হন। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি।
