জাতীয় ডেস্ক :
চাঁদপুরে বিষাক্ত জেলি পুশকৃত ৯২০ কেজি চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে ৫২টি সামুদ্রিক কচ্ছপও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টায় হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে ২টি বাস তল্লাশি করে ৯২০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও ৫২টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই বাসে জেলিযুক্ত চিংড়ি এবং সামুদ্রিক কচ্ছপ পরিবহনের সঙ্গে জড়িত কাউকে না পাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা চাঁদপুর সদর মো. মিজানুর রহমানের উপস্থিতিতে মাটিতে পুঁতে নষ্ট করা হয় এবং জব্দকৃত ৫২টি সামুদ্রিক কচ্ছপ বিসিজি স্টেশন চাঁদপুর সংলগ্ন ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।
