জাতীয় ডেস্ক :
আন্দোলনের নামে হঠকারিতার পথ পরিহার করে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিএনপির উদ্দেশ্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাঁকা পথ পরিহার করে সোজা পথে আসেন। নির্বাচনের প্রস্তুতি নেন।
বিএনপি নেতৃত্বশূন্য দল উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র ছাড়া বিএনপির আর কিছুই করার নেই। সন্ত্রাসের পথ পরিহার না করলে বিএনপির পরিণতি হবে ভয়াবহ। তাই আন্দোলনের নামে হঠকারিতার পথ পরিহার করতে বিএনপির প্রতি আহবান জানান তিনি।
অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর খুনীদের পুনর্বাসন করেছিল বিএনপি-জামায়াত। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।
তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে সরকার। তাই আগামি নির্বাচনে দলকে জয়লাভ করার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে বলে জানান আওয়ামী লীগের এই নেতা। বলেন, সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকার এতে সহযোগিতা করবে।
সভায় সমঝোতার ভিত্তিতে আগামি সাত দিনের মধ্যে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেওয়ার আহবান জানিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাত বছর পর এই কমিটির সম্মেলন হচ্ছে। যেন কোন পকেট কমিটি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি। ত্যাগীরা যাতে মূল্যায়িত হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক হাজী শফিউল আজম খান বারকু ও হাজী আলতাফ হোসেন বিপ্লব।
