হোম খেলাধুলা বার্সেলোনার স্বপ্নে বিভোর ডি মারিয়া পায়ে ঠেলছেন য়্যুভেন্তাসকে!

খেলাধূলা ডেস্ক :

ফরাসি জায়ান্ট পিএসজির সঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়ার সম্পর্কটা এই জুনের পর আর থাকছে না। এই আর্জেন্টাইন থাকতে চাইলেও ক্লাব তাকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখতে উৎসাহী নয়। তাই নতুন করে তার সঙ্গে আর চুক্তি করছে না লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। ডি মারিয়াও আছেন নতুন দলের সন্ধানে। য়্যুভেন্তাসের মতো দল এই আর্জেন্টাইন উইঙ্গারকে দলে ভেড়াতে মরিয়া হলেও, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আগ্রহ থাকায় তাদের এখনো অপেক্ষায় রেখেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, বার্সেলোনা থেকে প্রস্তাব পাওয়ার আশায় এখনো কোন দলের সঙ্গে চুক্তিতে যাচ্ছেন না এই জুনেই ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়া ডি মারিয়া। তাকে বিনামূল্যে দলে ভেড়াতে আপ্রাণ চেষ্টা করছে য়্যুভেন্তাস। তবে আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড় তবেই অন্য ক্লাব নিয়ে ভাববেন যদি বার্সেলোনা তাকে দলে না ভেড়ায়।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা অর্থ সংকটে থাকায় বেশ কিছু তারকাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাই ক্লাবটি এখন তারকা শূন্যতায় ভুগছে। যা প্রভাব ফেলেছে তাদের পারফরম্যান্সেও। তাই নতুন মৌসুমে বিভিন্ন পজিশনের জন্য কয়েকজন তারকা দলে নিতে চায় তারা।

রাইট উইংয়ে খেলা উসমান দেম্বলের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কথাবার্তা এগুচ্ছে না ঠিকমতো। তাকে ধরে রাখতে ব্যর্থ হলে রাইট উইংয়ে খেলার মতো কেউ থাকছে না ক্লাবটির। তাই একজন রাইট উইঙ্গারের সন্ধানে আছে লা লিগার দ্বিতীয় সফলতম ক্লাবটি। আর এই পছন্দের তালিকায় প্রথম দুটি নাম লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা ও কোপা আমেরিকার ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানো ডি মারিয়ার।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলির ভাষ্য অনুযায়ী, দেম্বলের বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই তারা রাফিনহার দিকে হাত বাড়িয়েছে। কিন্তু কাজটা বার্সেলোনার জন্য এতো সহজ নয়। রাফিনহাকে দলে ভেড়াতে চায় আর্সেনাল ও টটেনহ্যামও। তাই লিডসও হাঁকাচ্ছে চড়া দাম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য বাংলাদেশি টাকায় ৭৫০ কোটি টাকা চায় লিডস। অবশ্য রাফিনহা নিজেও চান বার্সেলোনায় আসতে।

তবে রাফিনহাকে কিনতে ব্যর্থ হলে স্প্যানিশ জায়ান্টরা তবেই চোখ ফেরাবে ডি মারিয়ার দিকে। তবে সে আশাতেই বসে আছেন তিনি।

য়্যুভেন্তাসের এই আগ্রহকে সাধুবাদ জানালেও তাড়াহুড়া করতে চান না এই ৩৪ বছর বয়সী।বরং চান আরেকটু অপেক্ষা করতে। মার্কার দাবি, তিনি এখনো বার্সেলোনা থেকে ফোনকলের আশা ছাড়েননি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন বলেন, ‘আপাতত ছুটিটা উপভোগ করতে চাই। য়্যুভেন্তাস ইতালির সবচেয়ে বড় ক্লাব, যারা আমার প্রতি আগ্রহ দেখিয়েছে, তাদের মধ্যে য়্যুভেন্তাস একটি। বর্তমানে আমি ভাবছি, কিন্তু আমার মূল মনোযোগটা পড়ে আছে পরিবারের সঙ্গে ছুটি কাটানোতেই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন