বিনোদন ডেস্ক :
বলিউড মুভি বনাম দক্ষিণী মুভি বিতর্ক এখনো থামেনি। বেশ কিছুদিন ধরেই বলিউড-সাউথ ফিল্মের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার এ দ্বন্দ্ব পৌঁছেছে চরমে।
বিষয়টি নিয়ে এবার সরব হচ্ছেন বলিউড তারকারাও। এর আগে এ ব্যাপারে কথা বলেছেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, আলিয়া ভাটের মতো বলি তারকারা। এবার বলিপাড়ার খ্যাতিমান নির্মাতা রোহিত শেঠিও মন্তব্য করেছেন চলচ্চিত্র বিতর্ক নিয়ে।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেন, প্রতিবারই জন্ম হয় নতুন বিতর্কের। ছয় মাস আগেও বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এখন দক্ষিণ ভারতীয় সিনেমা বনাম বলিউড সিনেমা বিতর্ক তৈরি হয়েছে। সেই সঙ্গে অনেক বলছেন হিন্দি সিনেমা শেষের পথে।
রোহিত মনে করেন ভালো চলচ্চিত্র নির্মাণে মনোযোগী হতে হবে সবাইকে। নির্মাতা রোহিত এ-ও পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘আমরা সবাই এক হওয়া সত্ত্বেও কেন আমাদের দুই ভাগ করতে চাচ্ছেন।’
বিগত কয়েক বছরে দক্ষিণীর বেশ কয়েকটি সিনেমার সঙ্গে পাল্লা দেয়ার তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে বলিউড। যার উদাহরণ ‘পুষ্পা’, ‘ট্রিপল আর’, ‘কেজিএফ-চ্যাপ্টার টু’র মতো সিনেমা। পরপর তিনটি সিনেমাই ব্লক বাস্টার। যেখানে বলিউডের ‘জয়েশভাই জোরদার’, ‘ধকড়’, ‘পৃথ্বীরাজ’, ‘৮৩’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
দক্ষিণী সিনেমার কাছে ধীরে ধীরে যেন হার মানতে বসেছে বলিউড সিনেমা। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে তীব্র সমালোচনা। তবে সে তুলনায় পরিচালক রোহিতের ‘সূর্যবংশী’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
বর্তমানে ‘সিঙ্ঘাম’ ফ্র্যাঞ্চাইজি, ‘ব্রহ্মাস্ত্র’, ‘জওয়ান’, ‘সামশেরা’র মতো সিনেমা বলিউডের জন্য আশার বাণী হয়ে দাঁড়িয়েছে। এদিকে ওয়েব শো ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিংয়ে ব্যস্ত রোহিত শেঠি। এতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও শিল্পা শেঠি।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
