বিনোদন ডেস্ক :
বলিউডের স্বজনপোষণের ইস্যু কোনো নতুন কিছু নয়। বলিপাড়ায় রাজত্ব করছে এমন বহু তারকা এসেছেন কোনো না কোনো স্বজনের হাত ধরে। আর এই স্বজন পোষণের জনক হিসেবে কাজ করছেন বলিপাড়ার অনেক পরিচালক।
এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তারকা মুখ খুললেও কোনো লাভ হয়নি। এবার এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন এষা গুপ্ত। ইন্ডাস্ট্রিতে তারকাসন্তানরা বাড়তি কতটা সুবিধা পান, জানালেন ‘আশ্রম ৩’- এর অভিনেত্রী। বলিউডে একটা সুবিধাজনক জায়গায় থাকেন তারকাসন্তানেরা। এ নিয়ে ইন্ডাস্ট্রিতে সবসময়ই চলে আলোচনা সমালোচনা। বিভিন্ন সময় যেমন অভিযোগ উঠেছে তেমনি মুখও খুলেছেন বহু তারকা। সেই তালিকায় এ বার যুক্ত হলেন এষা গুপ্ত। এই অভিনেত্রী জানান, তারকাসন্তান হলে তার কদরই আলাদা বলিপাড়ায়।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “মাঝেমাঝে মনে হয়, আমিও তারকাসন্তান বা এই ইন্ডাস্ট্রির অন্দরের কেউ হলে বেশ হত। দুর্ব্যবহারই কর বা ছবি ফ্লপ হোক, তাতেও কিছু যায়-আসে না। নতুন ছবি ঠিক হাতে এসে যেত।”
এষা সাফ জানান, ইন্ডাস্ট্রিতে খুঁটির জোর না থাকলে লড়াইটা একেবারে অন্য রকম। একটা ছবি মুখ থুবড়ে পড়লে পরেরটা হাতে আসবে কি না, সে নিশ্চয়তা নেই তাদের। পথ দেখানোর বা দুঃখ ভাগ করে নেয়ারও কেউ থাকে না। এষার কথায়, “আমার প্রথম ছবিটাই ফ্লপ হয়েছিল। ভীষণ ভয়ে ছিলাম, আবার কাজ পাব কি না ভেবে। আমি তো ইন্ডাস্ট্রির কেউ নই। পাগলের মতো কাজ খুঁজেছি। লড়াই করেছি। শেষমেশ অবশ্য ভাগ্য আমায় নিরাশ করেনি।”
‘জান্নাত ২’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে বলিউডে পা রেখেছিলেন এষা। এরপর ‘রুস্তম’, ‘হাম সাকাল’-সহ একাধিক সিনেমায় নজর কেড়েছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
