খেলাধূলা ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, বরখাস্ত করার পর তার সঙ্গে বাজে আচরণ করা হয়েছে।
সরকার বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। ইমরান খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ নিয়ে গুঞ্জন ছিল। একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পিসিবির প্রধানের পদ হারিয়েছেন রমিজ রাজা। নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি।
এদিকে, বরখাস্ত হওয়ার পর প্রথমবারের মতো কথা বললেন রমিজ রাজা। ইউটিউবের কমেন্টে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডে এক রকম আক্রমণই করেছে তারা। এমনকি আমার জিনিসপত্রও নিতে দেয়নি। সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের আচার-আচরণ দেখে মনে হয়েছিল, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সদস্যরা অফিসে তল্লাশি করতে এসেছে।’
তিনি আরও বলেন, পিসিবির প্রতি কোনো ভালোবাসা নেই নাজাম শেঠির নেতৃত্বাধীন নতুন বোর্ডের। নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্যই পিসিবির দায়িত্ব নিয়েছে তারা। পদচ্যুত সাবেক এই চেয়ারম্যান বলেন, ক্রিকেট নিয়ে কোনো আগ্রহই নেই তাদের। তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় বসা। তারা চায় সবাই তাদের সামনে মাথা নত করে থাকুক।
ইমরান খান প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় একই পদ্ধতিতে পিসিবি বস হয়েছিলেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির দায়িত্ব পান রাজা। তার অধীন দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল। এটিই ছিল তার দায়িত্বকালে সবচেয়ে বড় অর্জন। কিন্তু বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত হন রমিজ রাজা।
দায়িত্ব হারানো প্রসঙ্গে রমিজ বলেন, ‘একজন ব্যক্তিকে ক্ষমতায় আনার জন্য পিসিবির সংবিধানই বদলে ফেলা হয়েছে। এমনটা পৃথিবীতে আর কোথাও দেখিনি। তিনি জানান, নাজাম শেঠিকে আনতে সংবিধান পরিবর্তনের প্রয়োজন ছিল।
রমিজের ভাষ্য, মৌসুমের মাঝে যখন দলগুলো পাকিস্তানে আসছে, তখনই এমনটা ঘটল এবং প্রধান নির্বাচককে পরিবর্তন করা হলো। প্রধান নির্বাচক হিসেবে মোহাম্মদ ওয়াসিম ভালো করছিল, না কি খারাপ করছিল সেটা বড় কথা নয়। সে একজন সাবেক টেস্ট ক্রিকেটার। সম্মানের সঙ্গে তাকে বিদায় দেয়া উচিত ছিল।
বর্তমান পিসিবি প্রধান নাজাম শেঠিকে এক হাত নেন রমিজ রাজা। বলেন, ‘রাত ২টা ১৫ মিনিটে নাজাম শেঠি টুইট করলেন রমিজ বরখাস্ত। আমি টেস্ট ক্রিকেট খেলেছি, এটাই আমার জায়গা।’
১৫ মাস পিসিবির দায়িত্ব পালন করেছেন রমিজ। তার অধীন সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল খেলে পাকিস্তান। সদ্যই নিজ মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরপরই রাজাকে সরিয়ে দিলো পাকিস্তান সরকার।
