খেলাধূলা ডেস্ক :
উইম্বলডনে ছুটছে রাফায়েল নাদালের জয়রথ। এ বছর তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের পথে ছুটছেন তিনি। এছাড়াও পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন স্টেফানোস সিটসিপাস ও নিক কিরগিয়স। নারী এককে মার্টিনা হিঙ্গিসের টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছেন ইগা সুইতেক। এছাড়াও তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন কোকো গাফ ও পেত্রা কিতোভা।
কোর্টে স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল থাকা মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। এ ছরের শুরু থেকে উড়ছেন নাদাল। শুরুতে ভ্যাকসিন জটিলতায় জোকোভিচ খেলতে না পারায়, ক্লে কোর্টের রাজা নাদালের জন্য খুব একটা বাধা তৈরির মতো কেউ ছিল না বছরের প্রথম গ্র্যান্ড স্লামে। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর নিজের সবচেয়ে প্রিয় ফ্রেঞ্চ ওপেনেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন। ক্লে কোর্ট তাকে এবারো দিয়েছে দু’হাত ভরে।
এদিকে ২০২২ সালে টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি নাদালের সামনে। মর্যাদার উইম্বলডনে অবশ্য শুরু থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। খুঁজে পাচ্ছেন না সেরা ছন্দ। প্রথম রাউন্ডে আর্জেন্টাইন সেরুনদোলার বিপক্ষে পেয়েছিলেন কষ্টের জয়। দ্বিতীয় রাউন্ডেও তার ঘাম ঝড়িয়ে ছেড়েছেন লিথুনিয়ার রিচার্ডস বেরাঙ্কিস। প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ গেমে জয়ের পর ঘুরে দাঁড়ান বেরাঙ্কিস। তৃতীয় সেট জিতে নেন তিনি। তবে শেষ সেটে আর বিপদ হতে দেননি নাদাল। ৬-৩ ব্যবধানে জিতে পা রাখেন তৃতীয় রাউন্ডে।
অন্যদিকে ফেবারিট নাদালের মত এতটা কষ্ট করে তৃতীয় রাউন্ডে উঠতে হয়নি স্টেফানো সিটসিপাসকে। অস্ট্রেলিয়ান জর্ডান হেন্ডারসনের বিপক্ষে ৬-২, ৬-৩ ও ৭-৫ গেমের জয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন তিনি। শীর্ষ ষোলোতে ওঠার ম্যাচে তাকে লড়তে হবে নিক কিরগিয়সের বিপক্ষে।
নারী এককে উড়ছেন ইগা সুইতেক। সেরেনা ভেনাসদের পর টেনিস বিশ্ব শাসন করছেন তিনি। ১৯৯৭ সালে মার্টিনা হিঙ্গিসের টানা ৩৭ ম্যাচের জয়ের রেকর্ড স্পর্শ করলেন র্যাংকিংয়ের এক নম্বর তারকা। কদিন আগেই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় শিরোপা। পোলিশ তারকা সুইতেকের কাছে ৬-৪, ৪-৬ ও ৬-৩ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের প্যাটিনামা খারকোভা।
নারী এককে দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন কিতোভার জয়টাও সহজ হয়নি। রোমানিয়ার আনা বোগদানের বিপক্ষে কিতোভা জিতেছেন ৬-১ ও ৭-৫ গেমে।
তবে অভিজ্ঞদের তুলনায় তরুণ কোকো গাফ উইম্বলডনে এগিয়ে চলছেন দাপটের সঙ্গে। অল ইংল্যান্ড লন টেনিস কোর্টে সরাসরি ৬-২ ও ৬-৩ গেমের ব্যাবধানে গাফের কাছে উড়ে গেছেন রোমানিয়ার মিহায়লা বুজারনেস্কু।
