খেলাধূলা ডেস্ক :
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফুটবলের মতো অলিম্পিক থেকেও নিষিদ্ধ হতে পারে তারা। কেননা ফিফার মতো অলিম্পিক কমিটিও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের পক্ষে না। নিষিদ্ধ হওয়ার আশঙ্কার কারণে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। খবর দ্য হিন্দুর।
আশঙ্কা আছে, ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণ কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের হাতে গেলে কপাল পুড়তে পারে ভারতের। সেক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফুটবলের মতো নিষিদ্ধ হওয়ার আশঙ্কা আছে অলিম্পিক থেকেও। এই আশঙ্কা এড়াতে ভারতীয় অলিম্পিক সংস্থা একটি মামলা নিয়েও কাজ করছে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। শুনানিতেই বিচারপতি সিটি রবিকুমারকে নিয়ে গঠিন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এমন রায় দেন।
দিল্লি হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, ভারতীয় অলিম্পিক সংস্থার দায়িত্ব সামলাবে তিন সদস্যের প্রশাসক কমিটি। এ নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অলিম্পিক সংস্থা। এবার দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল ভারতের শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ১৬ আগস্ট ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ করে ফিফা। নিষেধাজ্ঞা দিয়ে ফিফা আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মতভাবে এআইএফএফকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এ সংস্থায় তৃতীয় পক্ষের অনুচিত প্রভাবের ফলে ফিফা সনদের পরিষ্কার লঙ্ঘন হয়েছে।
কয়েক মাস আগে এআইএফএফের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত। স্বশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেয় ফিফা।
