খেলাধুলা ডেস্ক :
দুরন্ত ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য দলটার। অন্যদিকে, আসরজুড়ে অপরাজিত থাকা পাকিস্তানকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলই প্রথমবারের মতো শিরোপা জেতার লড়াইয়ে আর কিছুক্ষণ পর দুবাইয়ে মুখোমুখি হচ্ছে। কে জিতবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসরের প্রথম শিরোপা, কে হাসবে শেষ হাসি? জল্পনা-কল্পনার যেন শেষ নেই। এদিকে, শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে এরই মধ্যে অনেকে ভবিষ্যদ্বাণীও করছেন।
বাদ যাননি অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নও। তার মতে, নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলবে তার দেশ অস্ট্রেলিয়াই। তবে শুধু নিজেদের জয় নিয়ে ভবিষ্যদ্বাণীই করেননি ওয়ার্ন, কয় উইকেটে জিতবে এমনটাও জানিয়েছেন তিনি। অজি এই কিংবদন্তির মতে, টিম অস্ট্রেলিয়া ছয় উইকেটে হারাবে কিউইদের।
এক টুইটবার্তায় শেন ওয়ার্ন ফাইনাল ম্যাচ নিয়ে বলেন, অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামবে। এরপর নিউজিল্যান্ডকে ১৫৫ রানের মধ্যে আটকে ফেলবে, অথবা তার কমে।
এছাড়া দুই দলের সেরা খেলোয়াড়দের নামও জানালেন শেন ওয়ার্ন। তিনি বলেন, কিউইদের হয়ে ফাইনালে সবচেয়ে বেশি ছক্কা মারবেন গ্লেন ফিলিপস। এছাড়া ড্যারেল মিচেল সর্বোচ্চ রান। আর অস্ট্রেলিয়ার সেরা বোলার হবেন প্যাট কামিন্স।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান হবেন মিচেল মার্শ। তবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকাবেন গ্লেন ম্যাক্সওয়েল। এভাবেই ইতিহাসে প্রথমবারের মতো টিম অস্ট্রেলিয়ার হাতে উঠবে টি-টোয়েন্টির শিরোপা। অপেক্ষা বাড়বে কেন উইলিয়ামসনদের।
এদিকে, আইসিসির শেষ চার আসরের তিনটিতে ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়েছে শুধু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের। আর তাতেই আন্ডারডগ তকমা লাগিয়েছে কিউইদের ওপর। কিন্তু নিজেদের আন্ডারডগ মানতে নারাজ কিউই অধিনায়ক।
কিন্তু এবার এই আন্ডারডগ তকমা ঘোচাতে চায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেদের সেরা ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল জিততে চায় নিউজিল্যান্ড।
ফাইনালের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন কিউই অধিনায়ক। উইলিয়ামসন বলেন, ‘দেখুন, আন্ডারডগ তকমা আমাদের সঙ্গে খুব বেশি মানানসই না। এ দিয়ে আমাদের বিচার-বিশ্লেষণও করা যায় না। এমনকি ফাইনালে আমরা আন্ডারডগ হিসেবে খেলতে নামব না। আমরা শুধু আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই। চেষ্টা করব আমাদের সেরাটা দিতে। একই সঙ্গে একটি দল হিসেবে আমরা খেলতে চাই। অনেক ধরনের তকমা দেওয়া হয়, এগুলো তো আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই।’
