ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সোমবার (২০ সেপ্টেম্বর) রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রথমধাপে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রবিবার উপজেলার ৬৩টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনি সরঞ্জাম।
উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুম বিল্লাহ জানান, স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী বুঝে নেন। এরপর পরই তারা নিরাপত্তা বাহিনীসহ স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হন। সকাল ৮টায় শুরু হবে বহুল প্রত্যাশিত ভোট। যা বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন।
৭টি ইউনিয়নের শুধুমাত্র বেতাগা ইউনিয়নে সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম’র)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বাকী ৬টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬৩জন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত থাকবেন। যে সকল ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হচ্ছে বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া-মানসা, নলধা-মৌভোগ ও শুভদিয়া ইউনিয়ন। নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভোটগ্রহণের দিন পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন। এছাড়া ভোটের দিনে আইন শৃঙখলা বাহিনীর আনসারের সমন্বয়ে মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবেন।
