ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বেদে পল্লীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা করতে টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ মার্চ) সকাল ১০টায় কাটাখালী হাইওয়ে সংলগ্ন বেদে পল্লীর ১২ বছরের বেশি বয়সী বেদে সদস্যদের টিকা প্রদান করা হয়।
টিকা পেয়ে খুশি বেদে সম্প্রদায়ের পরিবারগুলো। বেদে নুরজাহান বেগম (৫০, তরিকুল ইসলাম (২৫), তুরতুরি বেগম (১৮), চিশতী খাতুন (১৩), জোনাকী বেগম (৩৮)সহ অনেকে বলেন, ‘আমরা টিকা দিয়ে নিরাপদ থাকতে পারবো বলে টিকা দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) কামাল হোসেন বলেন, স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ৩৪জন বেদে সদস্যদের টিকা দেওয়া হয়েছে। এর আগেও বেদে পল্লীতে ৪৫জন বেদে সদস্যদের করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বেদে জনগোষ্ঠি পেশার তাগিদে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসে। তাই তাদের টিকার আওতায় আনা হয়েছে। তারা হাসপাতালে এসে টিকা নেওয়ার মতো সচেতন নয় বলে আমরা তাদের কাছে টিকা নিয়ে গেছি। অন্যদের মতো ফকিরহাটের সকল পিছিয়ে পড়া সম্প্রদায়কে টিকার আওতায় আনা হবে।
