হোম আন্তর্জাতিক প্রিন্স সালমানকে ফোন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২১ জুলাই) সৌদি প্রেস এজেন্সি ক্রাউন প্রিন্সকে ফোন করার বিষয়টি নিশ্চিত করে। খবর আরব নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে মোহাম্মদ বিন সালমান ও ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেছেন। এ সময় তারা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন।

ক্রেমলিন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। তারা তেলের বাজার নিয়ে কথা বলেছেন।

দুই নেতার মধ্যকার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রচার করেছে ক্রেমলিন। বিবৃতিতে বলা হয়, পুতিন ও মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাসে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

চলতি সপ্তাহের শুরুতে পুতিন তেহরান সফর করেন। তেহরানে তিনি ইরান ও তুর্কি নেতার সঙ্গে বৈঠক করেন। পুতিন তার তেহরান সফর নিয়েও সৌদি যুবরাজের সঙ্গে আলাপ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি সফর করেন। অল্প সময়ের ব্যবধানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন। সৌদি সফরকালে দেশটির যুবরাজের সঙ্গে বৈঠক করেন বাইডেন।

পুতিন ও মোহাম্মদ বিন সালমান এমন সময়ে ফোনে কথা বললেন, যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন