জাতীয় ডেস্ক :
পবিত্র রমজান মাস উপলক্ষে ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন (বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত) চার ঘণ্টা শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে।
সোমবার (১১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকাল ৫টা হতে রাত ৯ টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে বলেও পেট্রোবাংলা জানায়।
এর আগে গত ৩০ মার্চ বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্থাৎ মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল জ্বালানি বিভাগ।
সে সময় বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশন হতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। তারা সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
