হোম আন্তর্জাতিক পাঞ্জাব জয়ের পর আগাম নির্বাচন চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের উপনির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ জয়ের পরপরই এবার আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন ইমরান।

রোববার (১৭ জুলাই) পাঞ্জাবের ২০টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই ২০টি আসনের চারটিই লাহোরে। সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল পাঞ্জাবের এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের রাজনীতির জন্য ‘গেম চেঞ্জার’ হতে পারে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, পাঞ্জাবের ২০টি আসনের মধ্যে ইমরানের পিটিআই পেয়েছে ১৫টি আসন। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পিএমএল-এন পেয়েছে চারটি আসন। আর স্বতন্ত্র এক প্রার্থীর দখলে গেছে ১টি আসন।

পিটিআইয়ের এ জয়ের পর সোমবার (১৮ জুলাই) সকালে এক টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘এখান থেকে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো অবাধ ও স্বচ্ছ নির্বাচন। অন্য কোনো উপায় দেশকে শুধুমাত্র রাজনৈতিক অনিশ্চয়তা এবং আরও অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে পরিচালিত করবে।’

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এবং পাঞ্জাবের মতো অন্যান্য অঞ্চলেও যদি পিটিআই ভালো পারফরম্যান্স করে তাহলে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে ইমরান খানের।

এর আগে, রোববার (১৭ জুলাই) সকালে পাঞ্জাবে ভোটগ্রহণ শুরু হয়। কয়েকটি ভোটকেন্দ্রে সংঘর্ষ ও কিছু অসংগতি ঘটলেও, এদিন সন্ধ্যায় সুষ্ঠুভাবেই ভোট শেষ হয়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বেসরকারি ফলাফল আসতে শুরু করে। তাতে দেখা যায়, বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে ইমরানের পিটিআই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন