হোম আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব দক্ষিণের

আন্তর্জাতিক ডেস্ক :

পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়াকে সহায়তা করার জন্য দেশটিকে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রস্তাব দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল। খবর এএফপি’র।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সোমবার (১৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল পরমাণু নিরস্ত্রীকরণের বিনিময়ে দেশটিকে বড় ধরনের সহায়তা প্যাকেজের প্রস্তাব দেবেন।

সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-১৯ ছড়িয়ে পড়া প্রশ্নে পিয়ংইয়ং সিউল কর্তৃপক্ষকে ‘উপড়ে ফেলার’ হুমকি দেয়। এ হুমকির কিছুদিনের মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে যেকোনো ধরনের যুদ্ধে পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া তাদের ‘সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত’ রয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি দেয়ার প্রায় এক মাস হতে চলেছে। এমন মুহুর্তে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়াকে সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছেন।

তবে এ উপদ্বীপে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য পরমাণু নিরস্ত্রীকরণ ‘আবশ্যক’ উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সোমবার (১৫ আগস্ট) বড় ধরনের সহায়তা পরিকল্পনার বর্ণনা দেন। এ পরিকল্পনার আওতায় খাদ্য ও বিদ্যুতের পাশাপাশি খেলার মাঠ, বিমানবন্দর ও হাসপাতালের মতো অবকাঠামোর আধুনিকায়নে সহায়তা করা হবে।

১৯৪৫ সালে জাপানের উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার বাষির্কী পালন উপলক্ষে দেওয়া এক ভাষণে ইয়ুন সুক-ইওল বলেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির উন্নয়ন কার্যক্রম বন্ধ এবং পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করলে এই দুঃসাহসী পদক্ষেপের ফলে দেশটির অর্থনীতি এবং তাদের দেশের জনগণের জীবনযাত্রার মানের উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আমি মনে করি।

সহায়তা প্যাকেজের বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের প্রস্তাব পিয়ংইয়ংয়ের গ্রহণের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন