হোম আন্তর্জাতিক পদ্মা সেতু উদ্বোধন নিয়ে আগ্রহ বাড়ছে সংযুক্ত আরব আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক :

পদ্মা সেতু উদ্বোধনের সময় যত ঘনিয়ে আসছে ততই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রবাসে নানা পেশার মানুষের কাছে পদ্মা সেতু একটি বিস্ময়। এ প্রকল্পটি শুধু বাংলাদেশিদের বিশ্বাসের ভিত রচনা করেনি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাস আরো বেশি বাড়িয়ে দিয়েছে।

মাওয়া বা জাজিরা প্রান্তে গিয়ে পদ্মা সেতু উদ্বোধনের দৃশ্য হয়তো দেখার সৌভাগ্য হবে না প্রবাসী বাংলাদেশিদের। কিন্তু হাজার মাইল দূরে টেলিভিশনের পর্দায় সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারাও দিন গুণছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে নেয়া হয়েছে নানা উদ্যোগ। প্রবাসীদের বাঙালিদের রেন্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আয়োজন থাকবে বড় পর্দায়। এ নিয়ে উচ্ছ্বসিতও তারা।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, পদ্মা সেতু বিনির্মাণে প্রবাসীদের একটা বড় অবদান আছে। বিশ্বে বাংলাদেশের যে শক্তিমত্তা এবং আত্মমর্যাদা এটিকে বৃদ্ধি করেছে।

সংযুক্ত আরব আমিরাতের একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতা একে আজাদ বলেন, আমরা যারা প্রবাসীরা আছি, আমরা সবসময় বাংলাদেশের যে কোনো উন্নয়নে পাশে ছিলাম এবং থাকব।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে বাংলাদেশ মিশন, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতির সারজা, স্থানীয় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা উদ্যোগ নিয়েছে।

সিআইপি এনআরবি অ্যাসোসিয়েশন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মো. ইয়াছিন চৌধুরী বলেন, বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি পদ্মা সেতুতে আমাদের অবদান রাখতে পেরে আমরা খুব খুশি।

প্রবাসীরা মনে করেন পদ্মা সেতু বাস্তবায়নের পেছনে তাদের পাঠানো রেমিট্যান্সের অবদান অনেক বেশি। আগামীতে পদ্মা সেতুর মতো যে কোনো মেগা প্রকল্প বাস্তবায়নে সরকারকে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন