আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের নিয়ে আনন্দ-উৎসবে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (২৫ জুন) জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ‘পদ্মা সেতু: উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেদ্দা-মক্কা তায়েফের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা ও সংবাদকর্মীরা যোগ দেন। এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন।
তিনি বলেন, পদ্মা সেতু শুধু একটি ইস্পাত, কংক্রিটের সেতু নয়, বরং পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের আত্মবিশ্বাস, মর্যাদা, দক্ষতা এবং সক্ষমতার প্রতীক।
নাজমুল হক বলেন, জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গতিশীল, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণে আজ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শুধু এই পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখেননি, তিনি পুরো জাতির মধ্যে সেই স্বপ্নের বীজ রোপণ করেছেন। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে।
এ সময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান কনসাল জেনারেল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়, অসম সাহস ও প্রচণ্ড আত্মবিশ্বাসের কারণেই পদ্মা সেতু নির্মিত হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগের এক নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে, যা এ অঞ্চলের মানুষের জীবনমান বদলে দেবে।
