হোম জাতীয় পদ্মা সেতুর উদ্বোধন: চীনা রাষ্ট্রদূতের ভিডিও বার্তা

জাতীয় ডেস্ক :

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু আমার কাছে সাহসের একটি প্রতীক, আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এর শতভাগ নির্মিত হয়েছে। এতে প্রতীয়মান হয় যে যদি সাহসের কোনো সীমা না থাকে, তবে আকাশ তার সীমা।’

ঢাকায় চীনা দূতাবাসের ফেসবুক পেজের নিয়মিত আয়োজন ‘রাষ্ট্রদূতের সঙ্গে এক মিনিট’ অনুষ্ঠানে আজ শুক্রবার (২৪ জুন) রাষ্ট্রদূতের ভিডিও বার্তাটি প্রচার করা হয়েছে।

লি জিমিং বলেন, ‘আগামীকাল একটি মহৎ দিন। আমি এই অসামান্য অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই। ইতোমধ্যে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়নকারী কোম্পানি চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্রাকৃতির একটি পদ্মা সেতু স্মারক হিসেবে আমার কাছে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশ বাংলাদেশ এমন সেতু নির্মাণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তারপরও বাংলাদেশের মানুষ তাদের স্বপ্ন অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এর শতভাগ নির্মিত হয়েছে। এতে প্রতীয়মান হয় যে যদি সাহসের কোনো সীমা না থাকে, তবে আকাশ তার সীমা।’

লি জিমিং বলেন, নদী হয়তো হাজার বছর ধরে বহমান, কিন্তু এর চেয়ে বেশি টেকসই হলো সেই মানুষের অধ্যবসায়, যারা একদম শূন্য থেকে সেতুটি তৈরি করেছেন। শক্তিশালী পদ্মার স্রোতোধারার ওপর এর অবয়ব একটি গল্প বলছে যে কীভাবে মানব প্রকৌশল প্রকৃতির শক্তিকে জয় করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন