জাতীয় ডেস্ক :
নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জেলায় মা ইলিশ শিকারের অভিযোগে ৩৮ জেলেকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান ৩৩ জেলেকে আটক ও জরিমানার দণ্ড দেন।
এর আগে বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক। এদিকে আইনি প্রক্রিয়া শেষে দন্ডপ্রাপ্ত ৩৩ জেলেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেন কয়েকজন জেলে। খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালিয়ে ৩৩ জেলেকে আটক করা হয়েছে। পরে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্টেট। এ সময় ১৯ হাজার ৮শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে জব্দকৃত কারেন্ট জালগুলো।
অপরদিকে চাঁদপুরেও অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করে কোস্টগার্ড ও নৌ পুলিশ।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় মা ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করে জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের অভিযান চলছে। অভিযানে পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদ-নদীতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। স্পিডবোড দিয়ে টহলের পাশাপাশি বাজারে ইলিশ বিক্রি ও মজুতে রয়েছে কঠোর নজরদারি।
