হোম অর্থ ও বাণিজ্য নিরাপদ সবজি চাষে সফল জিহাদ

বাণিজ্য ডেস্ক :

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের কৃষক শেখ জিহাদ হোসেন। বিষমুক্ত (নিরাপদ) সবজি ঢেঁড়স চাষ করে সাড়া জাগিয়েছেন তিনি।

জিহাদের পরিবারের সকল খরচ বহন করার একমাত্র উপায় সবজি চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাত্র দেড় বিঘা জমিতে হাইব্রিড সুপার সুমি জাতের ঢেঁড়স চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন। দেড় বিঘা জমিতে ১৫ মেট্রিক টন ঢেঁড়স উৎপাদনের আশা তার। তবে শেখ জিহাদ হোসেন শুধু ঢেঁড়স নয়, বেগুন, কাকরোল, ডাটাশাক, লালশাকসহ নানা সবজি উৎপাদন করছেন।

কৃষক শেখ জিহাদ হোসেন জানান, সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করা হয়। যেমন আলোর ফাঁদ, ডালপোতা ফাঁদ, হলুদ পেপার, সাদা পেপার ফাঁদ পাতা হয় সবজি ক্ষেতে। এছাড়া নিমপাতা, বেলপাতা ও মেগনির নির্যাস ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করা হয়। যেখানে কোনো প্রকার রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না।

কৃষক শেখ জিহাদ হোসেন আরও বলেন, ‘মানুষকে সুস্থ রাখতে বিষমুক্ত সবজি চাষ করেছি। তবে লাভ কম হলেও তাতেই খুশি। এভাবেই যদি নিরাপদ সবজি চাষ করে তাহলে বিষমুক্ত সবজি খেয়ে মানুষ সুস্থ জীবনযাপন করবে এমনটাই প্রত্যাশা এই সফল চাষির।’

২০০৬ সালে পোশাক কারখানা থেকে চাকরি ছেড়ে বাড়ির পাশে অন্যের জমি লিজ নিয়ে শুরু করেন ফলজ বাগান ও সবজি চাষ। তিনি এবার দেড়বিঘা জমি লিজ নিয়ে শুরু করেছেন ঢেঁড়সের চাষ। স্বল্প সময়ে এই ঢেঁড়স চাষ করে বেশ লাভবানও হয়েছেন তিনি। প্রতিদিন ১২০ থেকে ১৩০ কেজি ঢেঁড়স তোলা হয় ক্ষেত থেকে। নিরাপদ সবজি ঢেঁড়সের চাহিদা রয়েছে ব্যাপক। কোন প্রকার কীটনাশক ছাড়া ঢেঁড়স চাষে খরচ বেশি হলেও বিষমুক্ত সবজি বাজারে বিক্রি করতে পেরে খুশি কৃষক জিহাদ হোসেন। চলতি মৌসুমে জমিতে ৫৫ হাজার টাকা খরচ করে দুই লাখ টাকা ঢেঁড়স বিক্রির আশা করছেন তিনি।

খেতে কাজ করা শ্রমিক সাবেরা খাতুন বলেন, ‘আমরা চার জনে প্রতিদিন এই ক্ষেতে কাজ করি। দৈনিক তিনশ টাকা মজুরি হিসাবে পাচ্ছি, যা দিয়ে সংসার চালাই। আমরা খুব ভালো আছি।’

বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন,কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ঢেঁড়স চাষে অবদান রেখেছে চাষি জিহাদ হোসেন। তবে সরাসরি বাজার করতে পারলে ন্যায্যমূল্যের পাশাপাশি আরও চাষিরা আগ্রহী হবে বলে জানান জেলার কৃষি বিভাগের এই কর্মকর্তা।

এর আগে ২০০৮ সালে শেখ জিহাদ হোসেন সবজি চাষে অবদান রাখায় সফল চাষি হিসেবে জেলা প্রশাসন থেকে পুরষ্কার প্রাপ্ত হন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন