হোম আন্তর্জাতিক নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :

এবার নিজেরাই মহাকাশ স্টেশন তৈরির ঘোষণা দিল রাশিয়া। মঙ্গলবার পুতিনের সঙ্গে এক বৈঠকে ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসার প্রস্তাব দেন রুশ মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ইউরি বরিসভ। এদিকে রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্পর্কের অবনতির কারণেই এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসার কথা জানাল মস্কো। মঙ্গলবার পুতিনের সঙ্গে এক বৈঠকে ২০২৪ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরে আসার প্রস্তাব দেন রুশ মহাকাশ গবেষণা সংস্থার নতুন প্রধান ইউরি বরিসভ। এ ছাড়া, গবেষণা চালিয়ে যেতে ২০২৪ সালের মধ্যে নিজেদের স্টেশন তৈরির কথা জানান তিনি। তবে এর আগপর্যন্ত নিজেদের অংশীদারের সমস্ত বাধ্যবাধকতা পূরণ করা হবে বলেও জানান বরিসব।

রুশ মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ইউরি বরিসভ বলেন, ‘আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সহযোগিতার কাঠামোর মধ্যে কাজ করছি। তবে ২০২৪ সালের পর আমরা এখান থেকে সরে এসে গবেষণার জন্য নিজেদের মহাকাশ স্টেশন নির্মান করব।’

রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার সিদ্ধান্তের খবর প্রকাশের পরপরই এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে।

বক্তব্যে বলা হয়, যুক্তরাষ্ট্র-রাশিয়া একযোগে কয়েক যুগ ধরে মহাকাশ গবেষণায় সহযোগিতা করে আসছে। তবে এটাও সত্য, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দুই দেশের সম্পর্ক আগের মতো নেই। তবে বিজ্ঞানের অনুসন্ধানে আমরা একসঙ্গে কাজ করে যেতে চাই।

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাকে কিছু জানায়নি রাশিয়া। আনুষ্ঠানিকভাবে জানানো হলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

১৯৯৮ সাল থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে রাশিয়াসহ অন্যান্য অংশীদার দেশ মহাকাশ নিয়ে গবেষণা চালিয়ে আসছে। তবে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার জেরে ১২ মার্চ প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসার হুমকি দেয় মস্কো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন