জাতীয় ডেস্ক :
কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পূর্ব পাড়ে নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ নামে এক স্কুলছাত্র নিখোঁজের ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।
নিহত শুভ সদর উপজেলার পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। অপর দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নিচে চলে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শুরুর আধা ঘণ্টার মধ্যে ঘটনাস্থল থেকেই শুভর মরদেহ খুঁজে পায় ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডুবুরি দল প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
