জাতীয় ডেস্ক :
হবিগঞ্জে পৌর এলাকায় নদীপাড়ে মাথাবিহীন এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (০২ জুলাই) দুপুরে খোয়াই নদীর মাছুলিয়া এলাকা থেকে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে। এখনও মরদেহের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যেই হত্যার ক্লু উদঘাটন করে ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে।
নিহত কদর আলী খোয়াই নদীর পাড়ে মাটিকাটার কাজ করতেন। তার বাড়ি শহরের জঙ্গল বহুলা এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার (০১ জুলাই) সকাল থেকে মাটিকাটার শ্রমিক কদর আলীকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন।
শনিবার সকালে খোয়াই নদীর পাড়ে একটি মাথাকাটা মরদেহ রয়েছে শুনে সেখানে যান পরিবারের লোকজন। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।
হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, নিহতের মাথা উদ্ধারে অভিযান চলছে, শিগগিরই রহস্য উদঘাটন করে ঘাতকদের আইনের আওতায় আনা হবে।
