নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় জ্বালানি তেল দিতে না পারার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত আলীক আটক। র্যাব–৬ এর একটি দল রবিবার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া মাহমুদ এলাকা থেকে তাকে আটক করে এবং ঘাতক ট্রাকটি বেনাপোল থেকে আটক করা হয়েছে বলে নড়াইল সদর থানার ওসি ওলী মিয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ হত্যার ঘটনায় মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনের মালিক রবিউল ইসলাম বাদী হয়ে ট্রাকের চালক সুজাত আলীকে আসামী করে সদর থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার নড়াইল–যশোর মহাসড়কের পাশে তুলরামপুরে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত আলী। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেননি পাম্প ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে ট্রাক চালকের সাথে বাগবিতন্ডা হয়। বাগবিতন্ডের এক পর্যায়ে ট্রাক চালক সুজাত মোল্যা ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত দুইটার দিকে পাম্পের কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ২০০ গজ দূরে রেল ব্রিজ এলাকায় গেলে পিছন দিয়ে এসে ট্রাক চালক সুজাত মোল্যা নাহিদ সরদার ও জিহাদুল মোটরসাইকেলসহ ট্রাক দিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ট্রাক চাপায় নিহত নাহিদ সরদার সদর থানার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাম্পে তেল না দেয়ার কারনে ট্রাকচালকের সাথে কথকাটাকাটি হওয়ার পরে পাম্পের দুইজন কর্মচারিকে ট্রাকচাপা দিয়েছে এবং একজন মারা গিয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
যশোর র্যাব–৬ কোম্পানী কমান্ডার মেজর এটিম ফজলে রাব্বী প্রিন্স জানান আজ বিকেলে যশোরের বাঘারপাড়া মাহমুদপুর এলাকা থেকে ট্রাক চালক সুজাত আলীকে আটক করা হয়।
