খেলাধূলা ডেস্ক :
ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-টোয়েন্টির যুগে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনাটা আগে থেকেই ছিল। তবে ওডিআই ক্রিকেট থেকে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের অবসরের সিদ্ধান্ত নতুন করে সামনে এনেছে সেই প্রশ্ন। এক দিন আগে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম পরামর্শ দিলেন ওয়ানডে ক্রিকেট বাতিলের খাতায় ফেলতে।
এদিকে, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজার মতে, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। আর তাই হঠাৎ করে নেয়া স্টোকসের অবসরের সিদ্ধান্তে খুব বেশি অবাক হননি তিনি।
নিজের অবসর প্রসঙ্গে স্টোকস বলেছিলেন, ‘আমরা (ক্রিকেটাররা) গাড়ি না, যে আপনি জ্বালানি দেবেন আর আমরা চলতে থাকব। কদিন আগেই আমরা টেস্ট সিরিজ খেলেছি। এর পরপরই ওয়ানডে সিরিজ। ব্যাপারটা একটু অদ্ভুতই। তিন ফরম্যাটে এখন অনেক ম্যাচ খেলা হয়। বিষয়টা ক্রিকেটারদের জন্য অনেক কঠিন।’
স্টোকস যোগ করেন, ‘এই সূচি মেনে ক্রিকেট খেলা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। ইংল্যান্ডের জার্সি গায়ে চাপালে ১০০ শতাংশ দিতেই হবে। কিন্তু একনাগাড়ে খেলার জন্য সেটাই পারছি না। অনেক ভেবে দেখলাম, আমার পক্ষে তিন ধরনের ক্রিকেটে খেলা মুশকিল। সেই সময় ভাবলাম যেকোনো একটি ধরনের সাদা বলের ক্রিকেট খেলব। কিন্তু কোনটা খেলব, সেটা তখনো ঠিক করিনি। ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলার পরই মনে হলো, এটা থেকেই সরে যেতে হবে।’
অন্যদিকে, ২০১৯ সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন উসমান খাজা। বর্তমানে টেস্ট দলে নিয়মিত মুখ সে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সরব উপস্থিতি রয়েছে তার। তিনি বলেন, ‘আমার একান্ত নিজস্ব মতামত হলো, টেস্ট ক্রিকেট এখন চূড়া। আবার আছে টি-টোয়েন্টি ক্রিকেট, যেগুলোর অনেক লিগ রয়েছে। সবাই এটি পছন্দ করে। এরপর আসে ওয়ানডে ক্রিকেট। আমার মতে, এটি এখন তিন নম্বরে রয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। হ্যাঁ, এখনো ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, যা সত্যিই উপভোগ্য। তবে এর বাইরে আমি তেমন আগ্রহ পাই না।’
এর আগে ইংলিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘হঠাৎ করেই বেন স্টোকসের ওডিআই ছাড়ার সিদ্ধান্ত দুঃখজনক, কিন্তু আমি তার সিদ্ধান্তের প্রতি একমত। এত ব্যস্ত শিডিউলে একজন ক্রিকেটারের পক্ষে একসঙ্গে তিন ফরম্যাটে খেলা কষ্টকর।’
ওয়াসিম আকরাম আরও বলেন, ‘ওডিআই ক্রিকেট মরতে বসেছে। নীতিনির্ধারকদের উচিত এখনই এটি বন্ধ করে দেয়া। শুধু ক্রিকেটার নয়, একজন ধারাভাষ্যকারের জন্যও এই ফরম্যাটটা কঠিন।’
পাকিস্তানি কিংবদন্তির পরামর্শ, ওয়ানডে বাদ দিয়ে টি-টোয়েন্টি এবং টেস্টে বেশি মনোযোগ দেয়া জরুরি। বিশেষ করে বর্তমান সময়ে টি-টোয়েন্টি বেশ উপভোগ্য। আর এখানে সময়টাও কম লাগছে। মাত্র চার ঘণ্টায় খেলা শেষ হয়ে যাচ্ছে। তিনি যোগ করেন, শুধু ইংল্যান্ড ছাড়া অন্য কোনো দেশে ওয়ানডে ম্যাচ এখন আর দর্শক টানতে পারে না।
