জাতীয় ডেস্ক :
ধর্ম অবমাননার অভিযোগ এনে মানিকগঞ্জের দৌলতপুর ধামশ্বর গ্রামের বাসিন্দা শওকত আলীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের ধামশ্বর বাজারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়।
গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মসহ ধর্ম বিরোধী কাজ করছে শওকত আলী। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে বলেও জানান তারা।
বিক্ষোভ মিছিলটি ধামশ্বর বাজার থেকে শুরু হয়ে বাঙ্গালা এলাকা পদক্ষিণ করে। পুনরায় ধামশ্বর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে দ্রুত সময়ের মধ্যে শওকতকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।
নূরে আলম জানান, শওকত আলী গ্রামের বিভিন্নভাবে অপকর্ম করে আসছেন। সে অন্যায়ভাবে অনেক মানুষকে মারধর করেন এবং মাদকের সঙ্গে জড়িত।
ধামশ্বর বাজারের চায়ের দোকানদার রহিতন বেগম বলেন, শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় মসজিদে মাগরিবের আজান দিচ্ছিল। আমি আজানের শব্দ শুনে টেলিভিশন বন্ধ করি দেই। এ সময় শওকত আমাকে টেলিভিশন চালু করতে বলেন। আমি টেলিভিশন চালু না করায় সে ক্ষিপ্ত হয়ে নামাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। আমি তার গ্রেফতার ও শাস্তি চাই।
