জাতীয় ডেস্ক :
আগামীতে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও একাধিক কৃষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীর কীর্তনখোলা বেড়িবাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন ও পর্যবেক্ষণে এসে এ কথা জানান তিনি।
কবির বিন আনোয়ার বলেন, আগামী বছরের মধ্যেই নেত্রকোনার হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ হবে। আগামী বছরের মধ্যেই নেত্রকোনার খালিয়াজুরী কীর্তনখোলা বাঁধের ৭ কিলোমিটার অংশ স্থায়ীভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে দুপুর ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশার ডুবাইলের ভেঙে যাওয়া ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি বলেন, দুর্নীতি সারা পৃথিবীতেই আছে। তবে দেখার বিষয় দুর্নীতির বিরুদ্ধে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি কিনা। আমরা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছি।
কবির বিন আনোয়ার বলেন, ২০১৭ সালের পরে ৯ জন অফিসারকে বরখাস্ত করা হয়েছে। আমরা তখন তদন্ত কমিটি করে দেখেছিলাম তাদের দায়িত্ব অবহেলা ছিল। তাই সে সময়ে আমরা বরখাস্ত করেছিলাম।
তিনি আরও বলেন, এখনও আমরা যে অভিযোগ পেয়েছি, সেটি তদন্তে একটি টিম সুনামগঞ্জে চলে এসেছে। দায়িত্বপ্রাপ্ত কাউকে দুর্নীতির সঙ্গে জড়িত পেলে আমরা ছাড় দেব না। এটি রাষ্ট্রীয় দায়িত্ব।
