জাতীয় ডেস্ক :
সুনামগঞ্জের শাল্লায় দুই সন্তানকে ইঁদুর মারার বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সুনামগঞ্জের দুর্গম শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুলতানপুর গ্রামের শামছুল হকের স্ত্রী আখি বেগম (৩০) নিজে ও তার দুই ছেলে রবিন (৬) ও সিয়ামকে (১০) ইঁদুর মারার বিষ খাওয়ানোর পর বসতঘরে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বামী ঘরে ফিরে দেখতে পান, স্ত্রী আখি বেগম ও তার দুই সন্তান অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার আখি বেগমকে মৃত ঘোষণা করেন। তবে দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী শামছুল হক জানান, তিনি হাওরে মাছ ধরতে গিয়ে ছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে দরজা খুলে তিনি ও প্রতিবেশীরা তিনজনকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সুমন জানান, বিষক্রিয়ায় আক্রান্ত দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাল্লা থানার এস আই শিমুল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আখি বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। তদন্ত চলছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, আখি বেগম বেশ জেদী মহিলা ছিলেন।
